
বাউফলে বৃষ্টিতে দুর্ভোগ, পরীক্ষায় উদ্বেগ ও শীতের আভাস
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ

পটুয়াখালীর বাউফলে বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বৃহস্পতিবারও (১৯ নভেম্বর) অব্যাহত রয়েছে। একটানা ও থেমে থেমে চলা এই বৃষ্টিতে উপজেলার স্বাভাবিক জনজীবনে বিঘ্ন সৃষ্টি হয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ।
বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে মানুষের চলাচল কমে গেছে এবং অনেকেই জরুরি কাজ স্থগিত রাখতে বাধ্য হয়েছেন। এতে দৈনন্দিন কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটছে।
বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের শ্রেণি। প্রতিদিন কাজের সন্ধানে যারা ঘর থেকে বের হন, বৃষ্টির কারণে তাদের অনেকেই কর্মস্থলে যেতে পারছেন না।
এদিকে, বৃহস্পতিবার থেকে বাউফলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে যাতায়াতে ভোগান্তির পাশাপাশি গুঁড়ি বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের ঠান্ডা ও জ্বরসহ শারীরিক অসুস্থতার ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা করছেন অভিভাবক ও স্থানীয়রা।
হঠাৎ এমন বৈরী আবহাওয়ায় স্থানীয় জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। বৃষ্টি ও মেঘলা আবহাওয়া শেষে শীতের আমেজ আরও জোরালো হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা; তবে এই পরিস্থিতি আরও কতক্ষণ স্থায়ী হয়, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।



















