
অভয়নগরে বিনামূল্যে সার-বীজ পেলেন ৩১৩০ প্রান্তিক কৃষক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৪:৪০ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ১৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার আটটি ইউনিয়ন ও নওয়াপাড়া পৌরসভার কৃষক-কৃষাণীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, কৃষি প্রকৌশলী পৃথিলা রায়, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ প্রণোদনার আওতাভুক্ত কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, কর্মসূচির আওতায় মোট ৩ হাজার ১৩০ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১০০ জনকে প্রত্যেককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। অন্যদিকে, ৩০ জন কৃষককে প্রত্যেককে পাঁচ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।




















