
নওগাঁয় পুলিশের ওপর হামলার চেষ্টার মধ্যে ৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে স্ত্রী হত্যা ও ভাগনেকে কুপিয়ে জখমের ঘটনাসহ ছয়টি মামলার পলাতক আসামি মাসুদ রানাকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে নওগাঁ শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার মাসুদ রানা রাণীনগর সদর ইউনিয়নের সিম্বা গ্রামের আফছার আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী হত্যা এবং আপন ভাগনেকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার মামলাসহ মোট ছয়টি মামলার পলাতক আসামি ছিলেন মাসুদ রানা। এ ছাড়া নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-২-এর একটি সিআর মামলাসহ কয়েকটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থেকে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
রাণীনগর থানার উপপরিদর্শক (এসআই) সাবিনুর রহমান জানান, মাসুদ রানার বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার আগে নওগাঁ শহরের একটি বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশের ধানের জমির ভেতর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাঁকে ধরে ফেলে। এ সময় আসামির লোকজন মব সৃষ্টি করে পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশের গাড়ি আটকে দেয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে রাণীনগর থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার সকালে নওগাঁ জেলহাজতে প্রেরণ করে।




















