
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কুড়ালিয়া পটল গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ সহায়তার চেক ও ঢেউটিন তুলে দেন কার্যালয়ের অফিস সহকারী লিয়াকত আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি নভেম্বর মাসে ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষক আবু বকর সিদ্দিক (৫৫) ও তাঁর ছেলে ছাইদুল ইসলামের বসতঘর ও আসবাবপত্র পুড়ে যায়। এ সময় আবু বকর সিদ্দিকের গোয়ালঘরসহ প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরুও আগুনে পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডে দুটি পরিবারের প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার পর আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান ভুক্তভোগী পরিবার দুটির পাশে দাঁড়ান এবং বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করেন। পরে সংসদ সদস্যের হস্তক্ষেপে পিআইও কার্যালয়ের মাধ্যমে পরিবার দুটিকে দুই বান্ডিল ঢেউটিন, গৃহনির্মাণ বাবদ ৬ হাজার টাকা এবং নগদ ২০ হাজার টাকার চেক সহায়তা দেওয়া হয়। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত আবু বকর সিদ্দিক ও ছাইদুল ইসলাম সংসদ সদস্য, পিআইও কার্যালয় এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



















