
ধুনটে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৪:১৯ অপরাহ্ণ

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে শাখার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পায় শাখার সামনে রাখা চারটি মোটরসাইকেল।
শাখা ব্যবস্থাপক রঞ্জন কুমার জানান, রাতে দুই নারী কর্মী বের হওয়ার জন্য প্রধান ফটক খুললে বাইরে কয়েকজনকে হাতে আগুনসহ দেখতে পান। এ সময় তাঁদের লক্ষ্য করে দুটি পেট্রোলভর্তি জ্বলন্ত কাচের বোতল নিক্ষেপ করা হয়। তবে বোতল দুটি মোটরসাইকেলে না পড়ে পাশে গিয়ে পড়ে।
পরে লাঠির সাহায্যে জ্বলন্ত বোতল দুটি সরিয়ে প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো হয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, এ ঘটনায় চারজন জড়িত থাকতে পারেন। তবে অন্ধকারে তাঁদের শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার পরপরই ধুনট থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাত ১২টা থেকে ১টা পর্যন্ত পুলিশ সেখানে অবস্থান করে নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় শাখার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।




















