
রাজধানীর ডগাইর-বামৈলে ৯ দশমিক ২৫ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:১৮ অপরাহ্ণ

রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে ডগাইর-বামৈল এলাকায় ৯ দশমিক ২৫ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ডিএসসিসি সূত্র জানায়, আগামী দুই মাসের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এর আওতায় প্রায় ৪৪ হাজার ঘনমিটার স্লাজ ও বর্জ্য অপসারণ করা হবে। প্রকল্পের অধীনে কোনাপাড়া ব্রিজ থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার, স্টাফ কোয়ার্টার থেকে সাংবাদিকের বাড়ি পর্যন্ত ২ দশমিক ৫ কিলোমিটার, মহাকাশ রোডসংলগ্ন ০ দশমিক ৭৫ কিলোমিটার এবং সাংবাদিকের বাড়ি থেকে আজিমউদ্দিন জামে মসজিদ পর্যন্ত ১ দশমিক ৫ কিলোমিটারসহ কোনাপাড়া-গলাকাটা খাল, ডগাইর খাল, মহাকাশ রোড খাল ও সংশ্লিষ্ট শাখা খালগুলো পরিষ্কার ও পুনঃখনন করা হবে। ১২ থেকে ২৫ ফুট প্রস্থের এসব খাল সংস্কারের পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, কোনাপাড়া ও গলাকাটা খালসহ আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছেন। তাঁদের দুর্ভোগ লাঘবে খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরিষ্কারের পর খালের দুই পাশ বাঁধাই করে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে। জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে সিটি করপোরেশনের অর্থায়নে প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণ করা হবে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, খালের জায়গায় কোনো অবৈধ কালভার্ট, বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান বরদাশত করা হবে না। খালগুলো যেন পুনরায় দখল বা পলিথিন-আবর্জনায় দূষিত না হয়, সেজন্য এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, ডিএসসিসির অঞ্চল-৮ ও ৯-এর অধীন ৬৪, ৬৭ ও ৬৮ নম্বর ওয়ার্ডের এ কার্যক্রম বাস্তবায়িত হলে প্রায় আট লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন এবং বর্ষায় জলাবদ্ধতা কমার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নাগরিকেরা উপস্থিত ছিলেন।






















