
ফৌজিয়া রুবি
“হারানো স্বপ্নের খোঁজে”
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ণ

কি ভয়ংকর কথা!
ইমতিয়াজ সংসারের এতটা বছর পর এসে নিম্মিকে বলছে, আমারও ত ইচ্ছে হয় তোমার আয় এই সংসারে আসুক। আমি গর্ব করে বলতে চাই আমার বউ অমুক কর্মকর্তা।
অথচ ইমতিয়াজের কেয়ারিং, সুন্দর কথা, গোছানো ভাব দেখেই নিম্মি মুগ্ধ হয়ে বিয়ে করে ইমতিয়াজকে। বিয়ের আগেই অদ্ভুত ভাবে ইমতিয়াজের সাথে পরিচয় হয় নিম্মির। ইমতিয়াজ যেই পত্রিকার সাহিত্য পাতার সম্পাদক নিম্মি সেই পত্রিকার সাহিত্য পাতায় নিয়মিত লিখতো। ওর সাথের অনেক বন্ধুরাও লিখত। কেউ কবিতা, কেউ গল্প, আবার কেউ হয়ত ভ্রমণ কাহিনী। একদিন পত্রিকার পক্ষ থেকে এসব নব্য লেখকদের নিয়ে গেটটুগেদারের আয়োজন করা হলো। সেখানেই দুজনার প্রথম সরাসরি দেখা। পরে কিভাবে যেন ইমতিয়াজের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এলো। এটা ইমতিয়াজেরই কান্ড নাকি ঈশ্বরের, তা আজও রহস্য লাগে নিম্মির। ইমতিয়াজের ছবি দেখে নিম্মি থ। পত্রিকার সেই অনুষ্ঠানের মধ্যমনি ছিল ইমতিয়াজ। মানে, সেদিন সবদিক সামলেছে এই ইমতিয়াজ। তার আচার ব্যবহারে যেই মুগ্ধ হয়েছিল নিম্মি, সেই গল্প বেশ কয়েক সপ্তাহ ওর বন্ধুমহলে চলল। তারপর আরও কয়েক মাস পর এই বিয়ের প্রস্তাব। ওদের দুজনের বাড়ি একই জেলার ভিন্ন ভিন্ন উপজেলায়। যা বিয়ের প্রস্তাবের আগে নিম্মি জানতো না একেবারেই। এমনই মুগ্ধতা নিয়ে ওদের দুজনের বিয়ে হয়। বিয়ের শুরুতে সবই ঠিক ছিল। শ্বশুরবাড়ির লোকদের ঝাঁঝালো কথার ঢাল হয়ে রক্ষা করতো তখন ইমতিয়াজ। কিন্তু সংসারের টানাপোড়েনে নিম্মির লেখক সত্তা অচিরেই হারালো। ইমতিয়াজও ধীরে ধীরে আর কিছুই বলল না, নিম্মি কেন আর লিখে না বা কেন নিজের প্রতি উদাসীন, এমন নিম্মিকে সে কখনও চায় না।
প্রথম সন্তান এলো বিয়ের দুবছর পর। ততদিনে নিম্মি সাহিত্য নামে যে কিছু ছিল তার জীবনে সেসব ভুলে গেছে। ইমতিয়াজও তা কোনদিন ফিরিয়ে আনতে চায় নি।
এরপর কেটে গেছে আরও অনেকগুলো বছর।
সংসার বড় হয়েছে, দায়িত্ব বেড়েছে, সন্তানরা বড় হয়েছে। বাড়ির আসবাবপত্র বদলেছে কয়েকবার। বদলেছে ঠিকানা, বদলেছে জীবনের হিসাব-নিকাশ। শুধু বদলায়নি নিম্মির অবস্থান। সে সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে সংসারের প্রয়োজনগুলো তার নিজের প্রয়োজনের চেয়ে সব সময় বড় হয়ে উঠেছে।
সকালে ঘুম থেকে উঠে সবার নাশতা তৈরি করা। সন্তানদের স্কুল, স্বামীর অফিস, বাজারের হিসাব, আত্মীয়স্বজনদের খোঁজখবর, অসুস্থতার দিনগুলোতে রাত জাগা, সবকিছুর মধ্যে নিম্মি কখন যে নিজের জন্য বরাদ্দ সময়টুকু হারিয়ে ফেলেছে, তার কোন হিসাব নেই।
একসময় যে মেয়েটি একটা শব্দের ভেতর গোটা পৃথিবী খুঁজে পেত, সে এখন বাজারের তালিকায় শব্দ খোঁজে। যে মেয়েটি বৃষ্টির শব্দ শুনে কবিতা লিখত, সে এখন বৃষ্টি হলেই বারান্দা থেকে কাপড় নামাতে ব্যস্ত হয়ে পড়ে।
তার পুরোনো ডায়েরিগুলো আলমারির এক কোণে পড়ে আছে। কোনো কোনো পাতায় শুকনো কৃষ্ণচূড়ার পাপড়ি, কোথাও অসমাপ্ত কবিতা। একদিন ছেলে ডায়েরি খুলে জিজ্ঞেস করেছিল,
মা, তুমি কবিতা লিখতে?
নিম্মি হেসে বলেছিল, একসময় লিখতাম ত বাবা।
ছেলের পরের প্রশ্নটা ছিল আরও সরল, এখন লেখো না কেন?
নিম্মি উত্তর দেয়নি। কারণ, এই প্রশ্নের উত্তর তার নিজের কাছেও অজানা।
ইমতিয়াজ অবশ্য সংসারের দায়িত্ব পালন করেছে। বলা যায় খুব ভালো ভাবেই দায়িত্ব পালন করছে। স্ত্রী-সন্তানদের ভরণপোষণে তার কোনো কার্পণ্য ছিল না। নিম্মির অসুস্থতায় ঔষুধ এনেছে, প্রয়োজন হলে চিকিৎসকের কাছেও নিয়ে গেছে। বাইরে থেকে দেখলে তাদের সংসারে অভিযোগ করার মতো বিশেষ কিছু নেই। আত্মীয়স্বজনের চোখে ইমতিয়াজ একজন দায়িত্বশীল স্বামী। কিন্তু একটা মানুষের সব দায়িত্ব পালন করলেই কি তার সবটুকু চাওয়া পূরণ হয়?
নিম্মির মাঝে মাঝে মনে হতো, ইমতিয়াজ তাকে আসলেই আগের মত ভালোবাসে ত? কিংবা ভালোবাসে ঠিকই, কিন্তু নিম্মি নামের মানুষটিকে ঠিকঠাক চেনে?
একদিন পুরোনো এক বান্ধবীর ফোন এলো। সেই বান্ধবী এখন একটি প্রতিষ্ঠানে ভালো পদে চাকরি করছে। কথায় কথায় জানাল, তাদের পুরোনো সাহিত্য পত্রিকার কয়েকজন লেখক মিলে আবার একটা সাহিত্য আড্ডার আয়োজন করছে। নিম্মিকে বিশেষভাবে যেতে বলল।
ফোন রেখে নিম্মি অনেকক্ষণ চুপ করে বসে রইল।
কত বছর পর কেউ তাকে তার সংসারের পরিচয়ে নয়, লেখার পরিচয়ে ডাকল! কেউ বলল না, অমুকের স্ত্রী, অমুকের মা। কেউ একজন তাকে মনে রেখেছে একজন লেখক হিসেবে।
সেদিন রাতে ইমতিয়াজকে নিম্মি বলছিল,
শোনো, আমাদের পুরোনো সাহিত্য গ্রুপ থেকে একটা আড্ডার আয়োজন করেছে। ভাবছি যাবো।
ইমতিয়াজ টেলিভিশনের দিকে তাকিয়েই বলল, এত বছর পর এসব আবার কী? এখন আর ওসব করে কী হবে?
নিম্মি মৃদু হেসে বলল, কিছু না। একটু ভালো লাগবে হয়তো। পুরোনো বন্ধুদের সাথে দেখা হবে, আড্ডা হবে।
ইমতিয়াজ আর কথা বাড়ায়নি। নিম্মি আর যাওয়ার কথাও বলেনি। অথচ এই ইমতিয়াজই একদিন তার লেখার প্রশংসা করতো, লেখা দেখেই মুগ্ধ হয়েছিল। অন্তত নিম্মি তেমনটাই ভেবেছিল।
এরপর সময় আরও গড়িয়েছে। ছেলে-মেয়ে বড় হয়েছে। নিজের পড়াশোনা, ভবিষ্যৎ নিয়ে ওরা ভীষণ রকম ব্যস্ত। নিম্মির জীবনে এখন কিছুটা অবসর এসেছে। সংসারের কাজ আগের মতো থাকলেও নিজের জন্য কিছুটা সময় বের করা সম্ভব। মাঝে মাঝে পুরোনো লেখাগুলো পড়ে। দু-একটা কবিতাও লেখে। কিন্তু কোথাও পাঠায় না।
একদিন সন্ধ্যায় চায়ের টেবিলে ইমতিয়াজ হঠাৎ বলল, আচ্ছা, তুমি যদি একটা চাকরি করতে, মন্দ হতো না।
নিম্মি প্রথমে ভেবেছিল ভুল শুনেছে।
—মানে?
—মানে, এখন তো তোমার সময় আছে। একটা চাকরি করলে সংসারে বাড়তি ইনকাম আসত। আমারও ভালো লাগত। গর্ব করে বলতে পারতাম, আমার বউ অমুক প্রতিষ্ঠানের কর্মকর্তা।
কথাগুলো খুব স্বাভাবিক ভঙ্গিতেই বলেছিল ইমতিয়াজ। কিন্তু নিম্মির ভেতরে কোথাও যেন একটা পুরোনো দরজা শব্দ করে বন্ধ হয়ে গেলো।
সে কিছুক্ষণ চুপ থেকে বলল,
—তুমি কি কখনো ভেবেছ, আমি কেন চাকরি করিনি?
ইমতিয়াজ অবাক হয়ে তাকাল।
—কেন? তুমি তো সংসার করতে চেয়েছিলে।
—সংসার করতে চেয়েছিলাম, নিজের অস্তিত্ব হারাতে নয়।
ইমতিয়াজ একটু বিরক্ত হলো।
—এখন আবার এসব কথা কেন? আমি তো তোমাকে চাকরি করতে কখনও নিষেধ করি নি।
নিম্মি এবার তার দিকে তাকাল। খুব শান্ত গলায় বলল,
—নিষেধ করেছ কি না, সেটা বড় কথা নয়। কখনো উৎসাহ দিয়েছ? কখনো বলেছ, নিম্মি, তোমার লেখালেখিটা আবার শুরু করো? কখনো বলেছ, তোমারও একটা পরিচয় থাকা দরকার? তোমার মনে আছে, বিয়ের আগে আমি কেমন ছিলাম? কিংবা বলেছিলে কখনও, নিম্মি সংসার চলুক আপন গতিতে, তার মাঝে নিজের অস্তিত্ব বিলিন করে দিও না।
ইমতিয়াজ কিছুটা অপ্রস্তুত হয়ে বলল,
—সেসব তো অনেক আগের কথা। জীবন তো আর কবিতা দিয়ে চলে না।
নিম্মি হাসল। এমন হাসি, যার মধ্যে আনন্দের চেয়ে অভিমান বেশি।
—জীবন কবিতা দিয়ে চলে না, ঠিক। কিন্তু কবিতা ছাড়া যে জীবনটা এতটা বছর কাটিয়ে দিলাম, সেই জীবনের হিসাবটা কে দেবে?
ইমতিয়াজ চুপ করে রইল। নিম্মি জানালার বাইরে তাকাল। দূরে কোথাও একটা পাখি ডাকছিল। তার মনে পড়ল, বিয়ের আগে একদিন ইমতিয়াজ তাকে বলেছিল, তার লেখা কবিতাগুলো খুব সুন্দর এবং ভিন্নতা আছে তাতে। নিম্মি লজ্জা পেয়ে বলেছিল, একদিন একটা বই বের করবে। ইমতিয়াজ তখন হেসে বলেছিল, আমি প্রথম কপি কিনব। সেই প্রথম কপির কথা আর কখনো মনে পড়েনি ইমতিয়াজের। কিন্তু নিম্মি ভুলে যায়নি।
সেদিন রাতে আলমারির নিচের তাকে রাখা পুরোনো ডায়েরিগুলো বের করল সে। ধুলো ঝাড়তে ঝাড়তে একটা পাতায় চোখ আটকে গেল।
সেখানে লেখা,
'আমি এমন একজন মানুষের অপেক্ষায় আছি, যে আমার নীরবতাও পড়তে জানবে। যে আমার হাত ধরে শুধু সংসারের পথে হাঁটবে না, আমার স্বপ্নের পথেও পাশে থাকবে।'
নিম্মি অনেকক্ষণ লেখাটার দিকে তাকিয়ে থাকল।
তারপর ডায়েরির শেষ পাতায় নতুন করে লিখল,
'মানুষ কখনো কখনো কাউকে ভালোবেসে নিজের পৃথিবী ছেড়ে আসে। অথচ সেই মানুষটিই একদিন জানতে চায়, তার পৃথিবীটা কোথায়?'
পরদিন সকালে নিম্মি আবার কলম হাতে নিল।
কোনো চাকরির আবেদনপত্র নয়, কোনো সিভি নয়। সে লিখতে শুরু করল নিজের গল্প।
কারণ, এত বছর পর নিম্মি বুঝেছে, তার জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা চাকরি না পাওয়া নয়, লেখক হিসেবে পরিচিতি হারানোও নয়। সবচেয়ে বড় অপূর্ণতা হলো, যে মানুষটির মুগ্ধতাকে ভালোবাসা ভেবেছিল, তার কাছে নিজের স্বপ্নগুলোর কোনো মূল্য তৈরি করতে না পারা।
আর ইমতিয়াজ?
সে হয়তো কোনোদিন বুঝতেই পারবে না, তার স্ত্রী শুধুমাত্র একজন কর্মকর্তা হতে চায়নি। সে চেয়েছিল, কেউ একজন তার ভেতরের মানুষটিকে চিনুক, তার প্রতিভাকে আগলে রাখুক, তার স্বপ্নের পাশে দাঁড়াক।
নিম্মি আজ আর কারও গর্বের বিষয় হতে চায় না।
সে শুধু নিজের কাছে আবার নিজের পরিচয় ফিরে পেতে চায়। কারণ, সংসারের এতগুলো বছর পর নিম্মির মনে হয়েছে, একজন নারীর পরিচয় শুধু কারও স্ত্রী কিংবা কারও মা হওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। তারও একটা নিজস্ব আকাশ থাকে। সেই আকাশে উড়তে না পারার দায় সব সময় ভাগ্যের নয়, কখনো কখনো সবচেয়ে কাছের মানুষটির নীরবতারও।
আর সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, যে মানুষটি একদিন নিম্মির লেখক সত্তায় মুগ্ধ হয়ে তাকে ভালোবেসেছিল বলে নিম্মি বিশ্বাস করেছিল, সেই মানুষটিই একদিন তার কাছে জানতে চাইল, সে সংসারে কী আয় যোগ করতে পারে!
অথচ নিম্মির যে সম্পদটা হারিয়ে গিয়েছিল, তার নাম ছিল স্বপ্ন।
সেই স্বপ্নের খোঁজ কেউ কোনোদিন করেনি।





















