
হাটহাজারীতে প্রাথমিকের মডেল টেস্টের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ

সরকারি নির্দেশনা উপেক্ষা করে চট্টগ্রামের হাটহাজারীতে প্রাথমিক বিদ্যালয়ের মডেল টেস্ট পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৬০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নিয়ে যৌথভাবে বৃত্তির মডেল টেস্ট আয়োজনের অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে বৃত্তির মডেল টেস্ট আয়োজনের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে প্রথমে ১০০ টাকা করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরে অভিভাবক ও শিক্ষকদের আপত্তির মুখে তা কমিয়ে ৬০ টাকা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এ অর্থ আদায় করা হয়েছে। অর্থ সংগ্রহ ও ব্যয়ের স্বচ্ছতা নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অভিভাবকদের দাবি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত রুটিনের ৪ নম্বর নির্দেশনায় পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি বা অর্থ গ্রহণ না করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক কিংবা বার্ষিক—কোনো পরীক্ষার ক্ষেত্রেই শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার সুযোগ নেই; এমনকি চলতি বছর থেকে বৃত্তি পরীক্ষার ফিও সরকারিভাবে বহনের কথা রয়েছে। এ অবস্থায় মডেল টেস্টের নামে অর্থ আদায়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল গনি বলেন, পরীক্ষার কিছু আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। প্রথমে ১০০ টাকা নির্ধারণ করা হলেও আপত্তির কারণে তা কমিয়ে ৬০ টাকা করা হয়েছে। তবে সরকারি ও কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যৌথভাবে এ ধরনের বিশেষ বৃত্তির মডেল টেস্ট উপজেলা শিক্ষা অফিসের আনুষ্ঠানিক আয়োজন কি না, সে বিষয়ে তাঁর বক্তব্যে অস্পষ্টতা পাওয়া গেছে।
অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ জানান, উপজেলা পর্যায়ে এ ধরনের মডেল টেস্ট আয়োজনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অর্থ নেওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।





















