
নবীনগরে পূজা উদ্যাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:০০ অপরাহ্ণ

দীর্ঘ প্রতীক্ষার পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা গত ৭ নভেম্বর প্রায় চার বছর আগে গঠিত পুরোনো আহ্বায়ক কমিটি বাতিল করে ৯০ দিনের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীকে। সদস্যসচিব করা হয়েছে শ্যামা প্রসাদ চক্রবর্তীকে।
কমিটির অন্য সদস্যরা হলেন অজন্ত কুমার ভদ্র, সিতানাথ সূত্রধর, মানিক বিশ্বাস, বিপুল সাহা, অঞ্জন নাগ, মিঠু সূত্রধর পলাশ, রতন চন্দ্র, টিটন পাল, প্রার্থ পাল, সুদীপ দেব বকুল, দুলাল দেব, অঞ্জন দেবনাথ, মনোরঞ্জন সূত্রধর, খোকন আচার্য, গুরুপদ দাস, সত্য রঞ্জন দাস, সরস্বতী বর্মন, শঙ্কর দাস ও সাধন চন্দ্র সাহা।
নতুন কমিটির অনুমোদন দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি আদেশ চন্দ্র দেব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরিপদ ভৌমিক দুলালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নবীনগর উপজেলা পূজা উদ্যাপন পরিষদ।
এক বিবৃতিতে আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী ও সদস্যসচিব শ্যামা প্রসাদ চক্রবর্তী বলেন, সবার সহযোগিতা, ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে নবীনগরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। নতুন কমিটির নেতৃত্বে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। এ জন্য তাঁরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।





















