বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

সিলেটে বিজিবির ডগ স্কোয়াডের অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ণ


সিলেটে বিজিবির ডগ স্কোয়াডের অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় ডগ স্কোয়াডসহ বিজিবির বিশেষ অপারেশন দলের অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ সময় ৫০টি পাওয়ারজেল, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ অপারেশন দল এবং বিস্ফোরক শনাক্তকরণে প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সদস্য ডগ ‘মিকি’ অভিযানে অংশ নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক বহনকারীরা চা বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং সিভিল সোর্স নিয়োগ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দিন-রাত বিশেষ টহল পরিচালনার পাশাপাশি সিসি ক্যামেরা, ফ্লাডলাইট ও থার্মাল ড্রোনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ধারাবাহিক অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ৫০টি পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে। এ ছাড়া মাদক ও অন্যান্য মালামাল চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক এবং অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টার ঘটনায় ১৭ জনকে প্রতিহত করা হয়েছে।
বর্তমানে সিলেট সেক্টরের ৫৬টি বিওপিতে ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনার পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের রুটগুলো চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট কার্যকর রাখা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ও সাংবাদিকদের সন্দেহজনক ব্যক্তির চলাচল, অবৈধ সীমান্ত পারাপার কিংবা কোনো সন্দেহজনক বস্তু দেখতে পেলে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

শহিদুল ইসলাম সোহেল / এমএসএম

Link Copied