বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

রাজশাহীতে পাওনা টাকা চাওয়ায় অপপ্রচার ও হেনস্তার অভিযোগ পুলিশ সদস্যের

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৪২ অপরাহ্ণ


রাজশাহীতে পাওনা টাকা চাওয়ায় অপপ্রচার ও হেনস্তার অভিযোগ পুলিশ সদস্যের

রাজশাহীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হেনস্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সদস্য মেহেদী হাসান।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাজশাহী নগরীর অলকার মোড়ে চেম্বার অব জার্নালিস্ট কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে মেহেদী হাসান জানান, পূর্বপরিচিত রঞ্জু আলীর কাছে তাঁর মোট ৭ হাজার টাকা পাওনা ছিল। এর মধ্যে ১ হাজার ৬০০ টাকা পরিশোধ করা হলেও বাকি ৫ হাজার ৪০০ টাকা চাওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। ঘটনার দিন সন্ধ্যায় পাওনা টাকা দেওয়ার কথা বলে তাঁকে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর দোকান থেকে পানীয় ও বিস্কুট আনার কথা বলে রঞ্জু আলী কৌশলে সরে পড়েন। এর কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন ব্যক্তি কক্ষে ঢুকে বাগ্‌বিতণ্ডায় জড়ান এবং কোনো প্রমাণ ছাড়াই তাঁকে মাদকাসক্ত হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন।

তিনি আরও জানান, পরবর্তী সময়ে থানায় নিয়ে ডোপ টেস্ট করানো হলে তাঁর শরীরে মাদকের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। তবুও একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনার খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে সামাজিক ও পারিবারিকভাবে হেয়প্রতিপন্ন করছে।

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এমএসএম / এমএসএম

Link Copied