শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

নবীগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে আহত তিন, পুলিশের কাজে বাধার অভিযোগ

reporter

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ


নবীগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে আহত তিন, পুলিশের কাজে বাধার অভিযোগ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাচালক, এক নারী যাত্রী ও তাঁর সন্তানসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে মহাসড়কের সৈয়দপুর এলাকার ফটিক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন নবীগঞ্জ উপজেলার জালালপুর এলাকার মর্তুজা আলীর ছেলে অটোরিকশাচালক মো. আল-আমিন, একই এলাকার মুহিতের স্ত্রী সেলিনা আক্তার ও তাঁর সন্তান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটির চালক ইনাতগঞ্জ এলাকার আব্দুল সোবহানের ছেলে মো. মিজান মিয়াকে (২৫) গাড়িসহ ঘটনাস্থলে আটক রাখা হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে আমির উদ্দিন নামের এক ব্যক্তি অটোরিকশাটি থানায় নিতে বাধা দেন এবং প্রভাব খাটিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। দুর্ঘটনাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


Link Copied