শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে প্রথমবার নারী ম্যারাথন অনুষ্ঠিত: ৫ কিলোমিটার দৌড়ে অংশ নিলেন বিভিন্ন বয়সী নারী

reporter

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ


নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে প্রথমবার নারী ম্যারাথন অনুষ্ঠিত: ৫ কিলোমিটার দৌড়ে অংশ নিলেন বিভিন্ন বয়সী নারী

নারীর সুস্থতা, আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতে শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ৫ কিলোমিটার নারী ম্যারাথন। নজরুল বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত ম্যারাথনে বিভিন্ন বয়সী নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার সকাল ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে ম্যারাথনটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৫ কিলোমিটার দৌড় শেষে অংশগ্রহণকারীরা ডিসি উদ্যানে পৌঁছান।
ম্যারাথনে অংশ নেওয়া নারীরা জানান, এটি শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং নিজেদের সক্ষমতা ও আত্মবিশ্বাস প্রকাশের অনন্য সুযোগ। অনেকের কাছেই এমন আয়োজনে অংশ নেওয়া ছিল প্রথম অভিজ্ঞতা। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের আয়োজন হলে নারীরা শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে আরও সচেতন হবেন এবং খেলাধুলায় আগ্রহী হয়ে উঠবেন।
ম্যারাথনে অংশগ্রহণকারী এক নারী বলেন, ‘প্রথমবারের মতো এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। শুরুতে কিছুটা ভয় ও সংকোচ থাকলেও দৌড় শুরু করার পর তা কেটে যায়। ভবিষ্যতেও এমন আয়োজনে অংশ নিতে চাই।’
অনুষ্ঠানে মুঠোফোনে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানো এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। নারীরা যেন নিজেদের সক্ষমতা প্রকাশের সুযোগ পান, সে লক্ষ্যেই শেরপুরে প্রথমবারের মতো নারী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নারীদের উৎসাহিত করতে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাকিল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান ।
নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত শেরপুরের প্রথম নারী ম্যারাথন নারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ আয়োজনের ধারাবাহিকতায় জেলার নারী ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এমএসএম / এমএসএম

Link Copied