
৩২ কোটি টাকার প্রকল্পে কমিশন বাণিজ্য, ৩৫ লাখ টাকা লেনদেন ও ভুয়া বিল-ভাউচারের অভিযোগ
বরিশাল শিক্ষা প্রকৌশলী শহিদুলের দুর্নীতির ইঞ্জিনিয়ারিং!
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ

রিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, কমিশন বাণিজ্য, দরপত্রে অনিয়ম, ভুয়া বিল-ভাউচার এবং ঠিকাদারদের হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। দপ্তরটিকে নিজের ব্যক্তিগত সম্পদের গদি বানিয়ে ফেলেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ থেকে শুরু করে টেন্ডার, বিল,কোথায় নেই তার কমিশনের হাতছানি! এমনটি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
প্রায় ৩২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘিরে ৭ শতাংশ কমিশন দাবি, ৩৫ লাখ টাকা লেনদেন এবং বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা। অভিযোগের বিষয়ে ২৪ জন ঠিকাদার লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের আবেদনও করা হয়েছে।
একাধিক ঠিকাদারদের দাবি, কয়েকজন ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে এই দপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম কাজ পাইয়ে দেওয়া, বিল ও জামানতের চেক পরিশোধের ক্ষেত্রে গুনে গুনে বুঝে নেন কমিশন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান, বরিশালের বাবুগঞ্জ, আগৈলঝাড়া, মেহেন্দিগঞ্জ ও মুলাদীতে কারিগরি স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপনের কাজের বাবুগঞ্জ ও আগৈলঝাড়ার কারিগরি স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপনের দুইটি কাজ তিনি বসুন্ধরা হাউজিং (প্রাঃ) লিঃ নামক ঠিকাদারী লাইসেন্সের মাধ্যমে নিজে ভাগিয়ে নেন। পরবর্তীতে ২৬ কোটি টাকার কাজ দুইটি ৭% কমিশনে বিক্রি করে দেন। অবশ্য তিনি বরিশালে যোগদানের পর থেকেই অতিরিক্ত ব্যয় প্রাক্কলন এবং বাছাই করা উন্নয়ন কাজগুলো নিজেই বিভিন্ন কৌশলে ভাগিয়ে নিয়ে বিক্রি করে দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে । এ ছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব ভবন সংস্কারের প্রায় চার কোটি টাকার কাজে প্রকৃত ঠিকাদারদের বিল আটকে রেখে অন্য প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে।
অপরদিকে, গতবছরে (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রকৌশলী মকিতুল ইসলামের সাথে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বরিশাল সার্কিট হাউজে অবস্থান করতেছিলেন। এমন সময় নির্বাহী প্রকৌশলীর কমিশনের অগ্রিম ৩৫ লক্ষ টাকা তার দপ্তরের কম্পিউটার অপারেটর রাশেদের নিকট জমা দেন সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি।
কম্পিউটার অপারেটর রাশেদ সমুদয় টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান, শুরু হয় তুলকালাম কান্ড। সকলের নিকট সুস্পষ্টভাবে ফুটে উঠে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের কমিশন দূর্নীতি। এসব অভিযোগের প্রতিবাদে গত ২২ ও ২৩ সেপ্টেম্বর বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে আলোচনা ও পাল্টাপাল্টি অভিযোগ দেখা দিয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন তাঁকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে অভিযোগ করেন।
তবে ৩৫ লক্ষ টাকা কেনো রাশেদুলের কাছে দেয়া হয়েছে বা কেনোই বা প্রকৌশলীর একাউন্টে জমা দিবে? এমন প্রশ্ন ঘোর পাক খাচ্ছে নগরী জুড়ে।
এদিকে বরিশালে যোগদানের পর থেকেই সে এভাবেই দূর্নীতির দূর্গ গড়েছেন। তার দূর্নীতির দূর্গ সচল রাখতে তিনি ঢাকাস্থ সাবেক প্রধান প্রকৌশলী আলতাফ হোসেনকে প্রতি সপ্তাহে ইলিশের ঝুড়ি পাঠাতেন। এর ফলে তিনি কোন নিয়মের তোয়াক্কা করেন না। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অতিরিক্ত ব্যয়ের প্রাক্কলন, টেন্ডার প্রক্রিয়ায় বিভিন্ন স্তরে দুর্নীতি, সমঝোতার নামে নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীরা অনৈতিক সুবিধা আদায় করছেন।
স্থানীয়রা বলছেন, শিক্ষার নামে বরিশালে চলছে “দুর্নীতির ইঞ্জিনিয়ারিং”। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা বই-খাতা না পেয়ে হাহাকার করছে, কিন্তু শহিদুলের কার্যালয়ে কেবল বিলাসী আসবাব আর কাগজে কোটি কোটি টাকার কাজের হিসাব। প্রশ্ন উঠেছে,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কি উন্নয়ন করছে, নাকি শহিদুল সাহেবের ব্যাংক ব্যালান্স উন্নয়ন করছে?
তবে এবিষয় শিক্ষা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করার হলেও তার ফোনে সংযোগ পাওয়া যায় নি।























