শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

চাকরি সংস্কারে চক্রান্তের অভিযোগ, আন্দোলনের ঘোষণা শিবির সভাপতির

reporter

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ


চাকরি সংস্কারে চক্রান্তের অভিযোগ, আন্দোলনের ঘোষণা শিবির সভাপতির

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সংস্কার পরিবর্তন করে দলীয় নিয়োগের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। 

তিনি বলেছেন, জুলাই আন্দোলনের পরও চাকরির কার্যকর সংস্কার হয়নি। পিএসসির বিভিন্ন সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। এসবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিটি ক্যাম্পাসে আন্দোলন গড়ে তোলা হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে ‘বিয়ন্ড ক্যাম্পাস : লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম অভিযোগ করেন, মোনেম কমিশনের সংস্কারের পর পিএসসির চেয়ারম্যানকে পদত্যাগ করানো হয়েছে। সদস্যদের চায়ের আমন্ত্রণে ডেকে পদত্যাগ করানো হচ্ছে। ভাইভার নম্বর ২০০ থেকে ১০০ করার সিদ্ধান্ত আবার ২০০-তে ফিরিয়ে নেওয়ার পাঁয়তারা চলছে। লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নে মোনেম কমিশনের সংস্কার পরিবর্তন করে দলীয় নিয়োগের চক্রান্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শিবির সভাপতি বলেন, এসব অনিয়ম ও সংস্কারবিরোধী তৎপরতার বিরুদ্ধে তারা সংবাদ সম্মেলন করবেন। প্রতিটি ক্যাম্পাসে আন্দোলন গড়ে তোলা হবে।

পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কার্যক্রমের প্রশংসা করে নূরুল ইসলাম বলেন, পুরো এক বছর বড় বড় ক্যাম্পাসগুলোতে নির্বাচিত প্রতিনিধিরা ‘ভায়োলেন্স ফ্রি’ ক্যাম্পাস উপহার দিয়েছেন। উপস্থিত শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন।

তিনি বলেন, ক্ষুধা, দারিদ্র্য, দুর্ভিক্ষ, চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, অন্যায় দখল ও জোরদখলের কারণে দেশ একটি ঘুণেধরা সমাজব্যবস্থায় পরিণত হয়েছে। এই ব্যবস্থা পাল্টে দিতে হবে। অন্ধ দলীয়করণের মূলে কুঠারাঘাত করতে সবাইকে সজাগ থাকতে হবে।

তৎকালীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নূরুল ইসলাম বলেন, ছাত্র সংসদের প্রতিনিধিদের ডেকে তাদের কথা শোনা ছিল সরকারের মৌলিক দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালন না করে সরকার দেশকে গভীর সংকটে রেখে গেছে। বর্তমান সরকারও হিংসার বশবর্তী হয়ে ছাত্র প্রতিনিধিদের ডাকেনি বলে অভিযোগ করেন তিনি।

বিরোধীদলীয় নেতাকে মানবিক নেতা ও মজলুম জননেতা আখ্যা দিয়ে শিবির সভাপতি বলেন, তিনি ছাত্র প্রতিনিধিদের মূল্যায়ন করেছেন এবং তাদের কথা শুনেছেন। সংসদে ও সংসদের বাইরে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হয়ে তিনি জাতিকে নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন নূরুল ইসলাম।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, অতীতে ছাত্র সংসদ মানেই ছিল টেন্ডারবাজি, দখলদারি, সিট বাণিজ্য, জোর করে মিছিলে অংশগ্রহণ ও মারামারি। তবে স্বাধীনতার পর সম্ভবত প্রথমবারের মতো পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিরা বড় ধরনের পরিবর্তন এনেছেন। সততা, নৈতিকতা, দক্ষতা, দেশপ্রেম ও আদর্শের কারণেই তারা এ পর্যায়ে আসতে পেরেছেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান রাজনীতির সবচেয়ে বড় সংকট নৈতিকতার অভাব। দেশের সম্পদের কোনো অভাব নেই। সম্পদের অভাব থাকলে ১৬ বছরে ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার হতে পারত না। নৈতিকতার ঘাটতির কারণেই দেশ শাসনকারীরা বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারেননি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, পাঁচটি বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা সততা, স্বচ্ছতা, কর্মদক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনের যে দৃষ্টান্ত দেখিয়েছেন, তা ক্যাম্পাসের বাইরেও আগামী দিনের নেতৃত্বের সম্ভাবনার বার্তা দিয়েছে। আগামী নেতৃত্বে তারাই আসবেন বলে প্রত্যাশা করেন তিনি।

ছাত্রজীবনে অর্জিত আদর্শ, নৈতিকতা, চরিত্র, সততা ও স্বচ্ছতা কর্মজীবন, সমাজ ও রাজনীতিতে প্রবেশের পরও ধরে রাখার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে ছাত্র সংসদ প্রতিনিধিরা, তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে বিরোধীদলীয় নেতাকে তরুণদের কণ্ঠস্বর হিসেবে সংসদ ও সংসদের বাইরে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর প্রতিনিধিরা নিজ নিজ ছাত্র সংসদের এক বছরের কার্যক্রম তুলে ধরেন। তাদের মধ্যে ডাকসু ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহীম রনি, জকসু ভিপি রিয়াজুল ইসলাম এবং জাকসু জিএস মাজহারুল ইসলাম বক্তব্য ও উপস্থাপনা দেন।

এ সময় জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির, সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, জাহিদুল ইসলাম, ডা. খালেদুজ্জামান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

aliul / aliul

Link Copied