
রৌমারীতে শহীদদের নামফলক ও মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৯ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার নামফলক এবং ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র চাঁনমারির গুলিবিদ্ধ সংরক্ষিত স্মৃতিচিহ্ন সাদা রং দিয়ে মুছে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর ও শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন বীর মুক্তিযোদ্ধারা।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম এবং বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।
বক্তারা বলেন, স্বাধীন দেশে যাঁরা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামফলক ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক চাঁনমারির স্মৃতিচিহ্ন মুছে ফেলার মতো জঘন্য কাজ করেছেন, তাঁরা স্বাধীনতাবিরোধী অপশক্তির দোসর। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




















