বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

reporter

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:৫০ অপরাহ্ণ


ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকার আমিনুর রহমানের ছেলে শাকিবুল হাসান, ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে হিমেল হাসান, বাথুলি এলাকার খোরশেদ আলমের ছেলে রিপন হোসেন, গোপালগঞ্জের কাশিয়ানী থানার নবকৃষ্ণ বালার ছেলে দীপংকর বালা এবং ধোপড়া গ্রামের লিটন বালার ছেলে লেলিন বালা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে একত্রিত হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়দের সহযোগিতায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত পলাতক অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।


Link Copied