রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বড়লেখার আফরোজা, আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হয়েছে দেশের নাম

reporter

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ


কাতার বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক পেলেন বড়লেখার আফরোজা, আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হয়েছে দেশের নাম

স্বপ্নের সীমানা পেরিয়ে সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মৌলভীবাজারের বড়লেখার মেয়ে আফরোজা বিনতে নুর (খাদিজা)। হাজারো মাইল দূরে কাতারের স্বনামধন্য কাতার বিশ্ববিদ্যালয়ে অসাধারণ একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন মর্যাদাপূর্ণ গোল্ড মেডেল। শুধু তা-ই নয়, সর্বোচ্চ নম্বর অর্জনের সুবাদে জায়গা করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ডিনস লিস্টেও। তার এই অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার উজ্জ্বল হয়েছে বাংলাদেশের নাম।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের কাতারপ্রবাসী আব্দুল নুরের বড় মেয়ে আফরোজা বিনতে নুর। প্রবাসের মাটিতে উচ্চশিক্ষার অঙ্গনে তার এই অসামান্য সাফল্য এখন পরিবার ও স্বজনদের আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। একই সঙ্গে জন্মভূমি বড়লেখার জন্য বয়ে এনেছে গর্বের এক বিশেষ মুহূর্ত।
২০২৬ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ফার্মেসি থেকে কৃতিত্বের সঙ্গে ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন আফরোজা। অসাধারণ ফলাফল ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ তাঁকে গোল্ড মেডেলে ভূষিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ফার্মেসির ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আব্দেল আলী এগুনির হাত থেকে আনুষ্ঠানিকভাবে গোল্ড মেডেল ও সনদ গ্রহণ করেন তিনি। বিদেশের একটি মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে
এমন স্বীকৃতি অর্জন তাঁর শিক্ষাজীবনের এক স্মরণীয় মাইলফলক। তবে স্নাতক পর্যায়ের এই সাফল্যেই থেমে থাকতে চান না মেধাবী আফরোজা। উচ্চশিক্ষার পথ ধরে আরও সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। 
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী বছর একই বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ফার্মেসি (ফার্মডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে তার। এর মাধ্যমে ফার্মেসি বিষয়ে উচ্চতর জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের স্বপ্ন দেখছেন তিনি। বিদেশের মাটিতে মেয়ের এমন গৌরবোজ্জ্বল সাফল্যে আনন্দিত তার পরিবার ও স্বজনরা।
বড়লেখার দক্ষিণ হরিপুর গ্রামের সন্তান আফরোজা বিনতে নুর আজ নিজের মেধার স্বীকৃতি অর্জনের পাশাপাশি জন্মভূমির পরিচয়ও তুলে ধরেছেন আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে। তার এই সাফল্য নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চায় এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে আশা পরিবারের। আফরোজার আগামীর পথচলায় সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।


Link Copied