রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি

reporter

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ০৯:৫২ অপরাহ্ণ


বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে বিনামূল্যে ডায়াবেটিস, প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরীক্ষা এবং জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) ধামরাই ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে ধামরাই ডায়াবেটিস সমিতি এবং হার্ট টু হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের রক্তের শর্করা ও প্রাথমিক চক্ষু পরীক্ষা করা হয়। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য আধুনিক ‘ফান্ডাস ক্যামেরার’ মাধ্যমে চোখের রেটিনা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়। এর মাধ্যমে ডায়াবেটিসজনিত চোখের রোগ বা ‘ডায়াবেটিক রেটিনোপ্যাথি’ প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে রেফার করার উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকেরা জানান, দৃষ্টিশক্তি হ্রাস ও প্রতিরোধযোগ্য অন্ধত্ব রোধে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা গ্রহণের কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, হার্ট টু হার্ট ফাউন্ডেশন কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা)-এর অর্থায়নে পরিচালিত প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে সাভার ও ধামরাই উপজেলায় প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে চক্ষু এবং অসংক্রামক রোগের (এনসিডি) সেবার সমন্বয় জোরদারে কাজ করে যাচ্ছে।

কর্মসূচিতে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং স্থানীয় অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে জনগণের দোরগোড়ায় জনকেন্দ্রিক চক্ষু স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


Link Copied