
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ইয়ামিন (১৮) ও পারভেজ (১৯) নামে দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ধোপাদী গ্রামে জাকির সরদারের বাড়ির সামনে নওয়াপাড়া-সুন্দলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ইয়ামিন উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের মোহাম্মদ বাচ্চুর ছেলে। পারভেজ তার বন্ধু বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত দুজনের অবস্থাই গুরুতর। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




















