
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার হাতকোপা এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নুর মোহাম্মদ (৪২) নামে এক মুদি দোকানীকে আটক করেছে পুলিশ। গত সোমবার বিকালে পৌরসভার হাতকোপা এলাকায় এঘটনা ঘটে। ধর্ষণ চেষ্টার ঘটনায় এলাকায় মানুষের মাঝে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত নুর মোহাম্মদ নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার হিরাপুর এলাকার মৃত মোর্শেদ আলমের ছেলে। অভিযুক্ত মুদিদোকানী সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকার দুলাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে ভূক্তভোগী শিশুটি দোকানে চকলেট কিনতে যায়। এ সময় দোকানী কৌশলে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।




















