
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে বিদ্যালয়ের ভেতরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পলাতক সহকারী শিক্ষক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা ওই শিক্ষককে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর সকাল ১১টার দিকে অভয়নগর উপজেলার বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ১০ বছর বয়সী এক ছাত্রীকে কৌশলে শিক্ষকদের বিশ্রামকক্ষের কোমলমতি শিশুটির ওপর নির্যাতনের অভিযোগ ওঠে সহকারী শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর শিশুটিকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. লিয়াকত গাজী বাদী হয়ে ২৭ অক্টোবর অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান। অভয়নগর থানার পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ নভেম্বর ঢাকার মিরপুর থানা পুলিশের সহযোগিতায় মিরপুর এলাকা থেকে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইমরান হোসেন (৩৮) অভয়নগর উপজেলার বুইকারা (রানাভাটা) গ্রামের বাসিন্দা। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে অভয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান 'সকালের সময়কে' জানান, গতকাল রাতে ঢাকা মিরপুর থেকে অভিযুক্ত আসামি শিক্ষক ইমরান হোসেনকে গ্রেপ্তারের পর অভিযুক্তকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার বিষয়ে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।




















