
ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ণ

ঢাকার ধামরাইয়ে পাঁচ দিনের ব্যবধানে চারটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনায় বাস মালিকদের দায়ের করা পৃথক দুটি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি ঢুলিভিটা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। আগুনে বাসটির অধিকাংশ আসনসহ প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে গত রোববার ভোররাতে শরীফবাগ এলাকার আফাজ উদ্দিন কলেজের সামনে দাঁড়িয়ে থাকা ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তারও আগে বৃহস্পতিবার দিবাগত রাতে থানা রোডে মেরামতের জন্য রাখা পাভেল পরিবহন এবং পরদিন শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরও একটি বাসে অগ্নিকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা।
এসব নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুতিপাড়া ইউনিয়নের বাবুল হোসেন ওরফে কদম আলী (৫৫), ঈশান নগর এলাকার আবদুল্লাহ আল মামুন (৩৭), কুল্লা ইউনিয়নের মহিউদ্দিন (৬৮), সানোড়া ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক (২৮) এবং বাইচাইল এলাকার মাসুদুর রহমান (৬০)।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, একের পর এক বাসে আগুনের ঘটনাগুলো রাজনৈতিক নাশকতা নাকি ব্যক্তিগত বিরোধের জের, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। চারটি ঘটনার মধ্যে ইতিমধ্যে দুটি মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য ঘটনাগুলোতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি বাসের নিরাপত্তা নিশ্চিত করতে মালিকদের নিজস্ব পাহারার ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।




















