বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও বীজ

reporter

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ


উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও বীজ

রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, মসুর ও খেসারি চাষে কৃষকদের উৎসাহিত করতে এ সহায়তা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, এক কেজি পটাশ সার ও এক কেজি টিএসপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কয়েকটি ধাপে এসব উপকরণ বিতরণ করা হবে। এর প্রথম ধাপে পাঁচটি ইউনিয়নের কৃষকদের মধ্যে বিতরণ কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকার এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় কৃষকদের উৎপাদন ব্যয় কমবে। পাশাপাশি রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি আবাদের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হেলাল সরকার, সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মো. বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং খাদ্য উৎপাদন বাড়াতে বিনামূল্যে সার ও বীজ বিতরণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।


Link Copied