রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

reporter

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:২৩ অপরাহ্ণ


বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা

বরগুনায় এক রাতের ব্যবধানে বিভিন্ন উপজেলায় বিআরটিসি বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পৌর কার্যালয়ের সামনে গাড়িতে আগুন, একাধিক প্রতিষ্ঠানে তালা ঝুলানো এবং সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জেলাজুড়ে ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সূত্রপাত ৯ নভেম্বর ভোররাতে বরগুনা জেলা পুলিশ লাইন্সের সামনে পার্কিং করা একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগের মধ্য দিয়ে। পুলিশ সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর ১০ নভেম্বর মধ্যরাতে বেতাগী উপজেলা পরিষদ ভবনের প্রধান ফটকে শিকল ও তালা লাগিয়ে দেওয়া হয়। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের নামসংবলিত চিঠি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পাওয়া যায়।

একই রাতে বেতাগী পৌরসভা কার্যালয় ও বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পৌর কার্যালয়ের সামনে থাকা সরকারি গাড়িতে অগ্নিসংযোগ ও অপর একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি বেতাগী উপজেলা পরিষদ, বেতাগী সরকারি কলেজ, বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, পাথরঘাটা সরকারি কলেজ, পাথরঘাটা ডিগ্রি কলেজ, বামনার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বরগুনা জিলা স্কুলসহ অন্তত ৩০টি প্রতিষ্ঠানে তালা লাগানোর খবর পাওয়া যায়।

এ ছাড়া বরগুনা-বরিশাল মহাসড়ক, আমতলী-কুয়াকাটা মহাসড়ক, পাথরঘাটা-মঠবাড়িয়া ও কাকচিড়া-পাথরঘাটা আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ সৃষ্টি করা হয়। এসব ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও রাতের আঁধারে একের পর এক হামলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান জানান, পুলিশ ঘটনাস্থল ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। বর্তমানে সব প্রতিষ্ঠানের তালা খুলে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


Link Copied