
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমজাদ হোসেন (৫০) নামে এক মুরগি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে আদালতে মামলা করেছেন নিহতের ছেলে আশিক হোসেন। জমি কেনাবেচা নিয়ে পূর্ববিরোধের জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
নিহত আমজাদ হোসেন উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা ভাগলগাছী গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি কেনাবেচা নিয়ে একই এলাকার মমিনের ছেলে তারেকের সঙ্গে আমজাদের বিরোধ চলছিল। এ নিয়ে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
গত ২২ অক্টোবর সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা ফরিদপুর গ্রামের একটি ধর্মীয় অনুষ্ঠানে যান আমজাদ। রাত সাড়ে ৮টার দিকে জরুরি কথা আছে বলে তারেক তাঁকে নিজের বাড়িতে ডেকে নেন। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করে উল্লাপাড়া কেয়া হাসপাতালে তাঁর মরদেহ পান। এজাহারে নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ, আমজাদকে মারধর ও শ্বাসরোধে হত্যার পর ঘটনাটিকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
পরিবারের দাবি, ২৩ অক্টোবর থানায় হত্যার অভিযোগ জানানো হলেও পুলিশ অপমৃত্যুর মামলা করে, যার নম্বর ৪০/২০২৬। পরে ২৬ অক্টোবর সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর নিহতের ছেলে আশিক হোসেন চারজনকে আসামি করে সিরাজগঞ্জের উল্লাপাড়া আমলি আদালতে হত্যা মামলা দায়ের করেন।
অভিযুক্ত মমিন জানান, আমজাদ তাঁদের বাড়িতে গিয়ে জমি বিক্রির বিষয়ে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে অসুস্থ হওয়ার পরও কেন তাঁর পরিবারকে না জানিয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল, শরীরে আঘাতের চিহ্ন কীভাবে এলো এবং পরনের জামাকাপড় ও জুতা খুলে রাখা হয়েছিল কেন—এসব প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করে আমজাদের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।




















