বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

গোদাগাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

reporter

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ


গোদাগাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সম্মাননা স্মারক বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে স্থানীয় সমবায়ীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল—‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জিগার হাসরত।

সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়। তাই সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে সমবায় খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ সমবায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী , স্থানীয় সমবায়ী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Link Copied