বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

ধামরাইয়ে টানা তিন রাতে তিন বাসে আগুন

reporter

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ


ধামরাইয়ে টানা তিন রাতে তিন বাসে আগুন

ঢাকার ধামরাইয়ে টানা তিন রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার শরীফবাগ এলাকায় স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি বাসে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার ভোরে উপজেলার আফাজ উদ্দিন কলেজের সামনে শরীফবাগ এলাকায় নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাসটির মালিক লুৎফর রহমান।
এর আগে বৃহস্পতিবার রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ নিয়ে টানা তিন রাতে ধামরাইয়ে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, গত তিন দিনে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। গতকালের ঘটনার পর বাস মালিকদের সঙ্গে কথা বলে বাসগুলো নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। পাশাপাশি বাসের সঙ্গে পাহারাদার রাখা অথবা নজরদারির মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়। এরপরও বাইরে রাখা আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
ওসি আরও বলেন, ঘটনাগুলো রাজনৈতিক কারণে, ব্যক্তিগত বিরোধের জেরে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—সব বিষয় সামনে রেখেই তদন্ত করা হচ্ছে। তিনটি ঘটনার মধ্যে একটি বাসের মালিক থানায় অভিযোগ করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আশা করছি, দ্রুতই ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।


Link Copied