বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

reporter

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪১ অপরাহ্ণ


গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র‍্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে সেখানে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় সংহতির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনমুন সুলতানা এবং গোদাগাড়ী মডেল থানার সেকেন্ড অফিসার মাহমুদ হাসান জুয়েল রানা।

অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম এবং উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি সাইদুর রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি রচিত হয়েছিল। বক্তারা জাতীয় ঐক্যের চেতনা সমুন্নত রেখে দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


Link Copied