
কাউনিয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ণ

রংপুরের কাউনিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর এম মামুন। প্রধান আলোচক হিসেবে ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি বিশ্লেষণ করে বক্তব্য দেন মীরবাগ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন আহমেদ, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি সাইদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার দিলরুবা এবং পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আফসানা খাতুন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল। জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এবং অগ্রযাত্রায় দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।




















