
রাজস্থলীতে টেকাব প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৬, ১০:১১ অপরাহ্ণ

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ংপিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানের প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ও প্রশিক্ষণ ভাতা (টিএ/ডিএ) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ভাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান। তিনি আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের হাতে ভাতার অর্থ তুলে দেন।
জানা গেছে, প্রকল্পের নীতিমালা অনুযায়ী দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক ভ্রাম্যমাণ প্রশিক্ষণে অংশ নেওয়া ৪০ জন প্রশিক্ষণার্থীর উপস্থিতির ভিত্তিতে সরকারিভাবে নির্ধারিত হারে এ ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিজন প্রশিক্ষণার্থীকে ৮ হাজার ৮০০ টাকা করে মোট ৩ লাখ ৫২ হাজার টাকার চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চলের তরুণ-তরুণীদের প্রযুক্তিতে দক্ষ ও স্বাবলম্বী করে তুলতেই সরকার ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে দোরগোড়ায় তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ পৌঁছে দিচ্ছে। এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে তরুণরা ঘরে বসেই ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তিনির্ভর নানা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে।




















