
গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ

রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট ও ক্ষতিকর চায়না দুয়ারি জাল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি দোকান থেকে জব্দ করা হয়েছে প্রায় ১৬০ কেজি অবৈধ জাল।
সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার মহিশালবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মহিশালবাড়ি গ্রামের মৃত সৈবুর রহমানের ছেলে মো. মোকলেসুর রহমান (৬০) এবং একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৪৪)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ব্যবসায়ী রফিকুল ইসলামের দোকান থেকে ১১০ কেজি কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে এ অপরাধে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, মোকলেসুর রহমানের দোকান থেকে ৫০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তাঁকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও ইসরাত জাহান জানান, জব্দকৃত এসব নিষিদ্ধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করার প্রক্রিয়া চলছে। তিনি আরও সতর্ক করে বলেন, দেশীয় প্রজাতির ছোট মাছের বংশবৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্যের স্বাভাবিক ভারসাম্য সুরক্ষায় নিষিদ্ধ জাল বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





















