
পোশাকশিল্প অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ

দেশের তৈরি পোশাকশিল্পের স্বাভাবিক উৎপাদন ও কর্মপরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি ও স্থানীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) উপজেলার ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, পোশাকশ্রমিকদের মধ্যে অনুপ্রবেশ করে পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস ও অস্থিতিশীল করার চক্রান্ত চালাচ্ছে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও আবেগকে পুঁজি করে কেউ যেন শিল্পাঞ্চলে কোনো ধরনের নাশকতা বা উৎপাদন ব্যাহত করতে না পারে, সেজন্য সাধারণ শ্রমিক ও জনতাকে সার্বক্ষণিক সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাঁরা ধামরাইয়ের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান স্নোটেক্স গার্মেন্টস, ফ্রেম হাউস, একমি ল্যাবরেটরিজ, বাটা সু ফ্যাক্টরি ও মুন্নু সিরামিকস লিমিটেডের সামনে সুশৃঙ্খল অবস্থান নেন। নেতাকর্মীরা কারখানাগুলোর সামনে ষড়যন্ত্রবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদনমুখী কর্মপরিবেশ অক্ষুণ্ণ রাখার পক্ষে সংহতি প্রকাশ করেন।




















