বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

বিজ্ঞানের যুগেও উল্লাপাড়ায় হিজল গাছকে ঘিরে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ডালপালা

reporter

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ


বিজ্ঞানের যুগেও উল্লাপাড়ায় হিজল গাছকে ঘিরে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ডালপালা

তথ্যপ্রযুক্তি ও আধুনিক বিজ্ঞানের যুগে মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন এলেও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি শতবর্ষী হিজল গাছকে ঘিরে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে রয়েছে অন্ধবিশ্বাস ও নানা লোকজ কুসংস্কার। গাছটিতে মানত করলে রোগবালাই মুক্তি ও মনের বাসনা পূরণ হয়—এমন অবৈজ্ঞানিক বিশ্বাস থেকে স্থানীয় অনেকে গাছের গোড়ায় খাদ্যসামগ্রী রাখছেন, ডালে টাঙাচ্ছেন মাছ ও কাপড়ের টুকরো এবং অমঙ্গল এড়াতে গাছের দিকে ছুড়ছেন মাটির ঢিল।

উপজেলার উধুনিয়া ইউনিয়নের চান্ডালগাঁতী আঞ্চলিক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন হিজল গাছটি দীর্ঘদিন ধরে স্থানীয় একশ্রেণির মানুষের কাছে এক অলৌকিক বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্থানীয় প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, তাঁদের শৈশব থেকেই গাছটিকে এমন প্রথার কেন্দ্র হিসেবে দেখে আসছেন। চান্ডালগাঁতী গ্রামের বাসিন্দারা জানান, নানা মনোবাসনা পূরণের আশায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দূরদূরান্ত থেকে এসে গাছের নিচে মানত করেন। অনেক মৎস্যজীবী জলাশয়ে মাছ শিকারে যাওয়ার আগে সফলতা পাওয়ার বিশ্বাসে গাছের ডালে জীবন্ত মাছ ঝুলিয়ে দিয়ে যান। আবার ব্যবসায়ীরা বাড়ি থেকে বের হয়ে দোকান খোলার আগে গাছটি ছুঁয়ে ভক্তি জানান। এমনকি পথচারীদের অনেকে যাত্রাপথের বিপদ এড়াতে গাছটিকে লক্ষ্য করে মাটির ঢিল ছুড়ে থাকেন।

চয়ড়া গ্রামের রেজাউল ও দিঘলগ্রামের সুরুজ মিয়া জানান, ছোটবেলা থেকেই তাঁরা পথচারী ও ব্যবসায়ীদের এই গাছ স্পর্শ করে দোয়া চাইতে এবং বেচাকেনা বাড়ার আশায় গাছের ডালে নানা সামগ্রী বাঁধতে দেখে আসছেন।

তবে সমাজবিজ্ঞান ও সচেতন মহলের মতে, গাছকে ঘিরে ঢিল ছোড়া কিংবা মনস্কামনা পূরণের মতো বিশ্বাসের কোনো যৌক্তিক বা বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি আবহমান কাল ধরে শিক্ষার অভাব ও অসচেতনতা থেকে চলে আসা অন্ধবিশ্বাসেরই বহিঃপ্রকাশ। অন্ধত্ব ও কুসংস্কারের বেড়াজাল থেকে সমাজকে মুক্ত করতে গ্রামীণ জনপদে বিজ্ঞানমনস্কতা, পরিবেশ সচেতনতা ও বাস্তবমুখী শিক্ষার প্রচার বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।


Link Copied