
ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ

ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ইটভাটার চিমনি ভেঙে ধ্বংস করা হয় এবং অপর ইটভাটার বিভিন্ন অংশ ভেঙে দেওয়া হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ডেমরান এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।
অভিযানে ডেমরান এলাকার স্টার ব্রিকসের চিমনি ভেঙে দেওয়ার পাশাপাশি দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে পিএইচডি ব্রিকসের বিভিন্ন অংশ ভেঙে দেওয়ার পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। দুটি ইটভাটায় ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন জানান, গত ১৫ দিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ১০টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেসব ইটভাটার প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ কাগজপত্র নেই, সেগুলোকে অবিলম্বে কার্যক্রম বন্ধ করতে হবে। অভিযানের পর কেউ গোপনে পুনরায় ইটভাটা চালুর চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশদূষণ রোধ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
এ সময় উপজেলা ভূমি কর্মকর্তা শাহরিয়ার ফাহিম ও ধামরাই থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।




















