
পাহাড়ে সীমান্ত সড়ক নির্মাণ ও মানবিক সেবায় সেনাবাহিনীর ২৬ ইসিবি: বদলে যাচ্ছে দুর্গম জনপদ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রতিকূল পাহাড়ি অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন, সীমান্ত সুরক্ষা এবং পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের আওতাধীন ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (২৬ ইসিবি)। রাজস্থলী-দুমদুমিয়া-ফারুয়া-বিলাইছড়ি হয়ে সীমান্তবর্তী ঠেগামুখ পর্যন্ত সুবিশাল সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বহুমুখী মানবিক কার্যক্রম পরিচালনা করছে তারা।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ২০১৬ সালে রাজস্থলী প্রকল্প ক্যাম্প স্থাপনের মাধ্যমে কার্যক্রম শুরু হলেও ২০১৯ সালের ৩ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ১৩০ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের মধ্যে প্রথম পর্যায়ে ইতোমধ্যে ৭৬ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্টের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে বগাখালী থেকে করল্লাছড়ি পর্যন্ত ২৮ কিলোমিটারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এছাড়া তৃতীয় পর্যায়ে করল্লাছড়ি থেকে ঠেগামুখ পর্যন্ত ২৬ কিলোমিটার এবং অদোয়াবাব থেকে থালিপাড়া পর্যন্ত ২২ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। এসব সড়কের সঙ্গে প্রয়োজনীয় ব্রিজ, কালভার্ট, টেকসই ড্রেনেজ সিস্টেম এবং রিটেইনিং ওয়াল নির্মাণের ফলে দুর্গম অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি পেয়েছে, যা বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র অপরাধীদের দৌরাত্ম্য কমিয়ে সরকারি প্রশাসনিক নিয়ন্ত্রণ সুদৃঢ় করেছে।
অবকাঠামোর পাশাপাশি পাহাড়ে সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে ২৬ ইসিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনকল্যাণমূলক কার্যক্রমের আওতায় স্থানীয়দের জন্য ৩টি যাত্রী ছাউনি, ৪টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং পাহাড়ি পাড়ায় সুপেয় পানির সংকট দূর করতে ৯টি পানির পয়েন্ট স্থাপন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অঞ্চলে রোপণ করা হয়েছে ৭০ হাজার ৬৮০টি ফলদ ও বনজ গাছের চারা। এ ধারাবাহিকতায় ২ নভেম্বর ২০২৬ তারিখে বিলাইছড়ির সাইচল ক্যাম্প সংলগ্ন গাছবাগান পাড়ার বৌদ্ধবিহার সংস্কারের জন্য ২৬ ইসিবির পক্ষ থেকে ৮ বান ঢেউ টিন অনুদান হিসেবে তুলে দেওয়া হয়।
অন্যদিকে শিক্ষার আলো ছড়াতে থুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম ও শিক্ষা সামগ্রী বিতরণ ছাড়াও সেখানকার দুজন শিক্ষকের নিয়মিত বেতন-ভাতার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে ২৬ ইসিবি। পাহাড়ি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সেখানে গড়ে তোলা হয়েছে নতুন খেলার মাঠ। এছাড়া বগাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক সোলার প্যানেল স্থাপন, ৪টি সিলিং ফ্যান প্রদান, খেলার মাঠ তৈরি এবং শিক্ষার্থীদের মাঝে জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
স্থানীয় থুমপাড়া কার্বারি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগে এই অঞ্চল থেকে রাজস্থলী বা চট্টগ্রাম যাওয়া প্রায় অসম্ভব ছিল। সেনাবাহিনীর তৈরি সীমান্ত সড়কের ফলে এখন স্থানীয় কৃষকেরা পাহাড়ে উৎপাদিত কলা, আদা, হলুদসহ বিভিন্ন কৃষিপণ্য সহজে চট্টগ্রাম ও রাঙ্গুনিয়ায় পাঠিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। তিনি আরও জানান, এলাকার এক দরিদ্র ব্যক্তি জটিল ক্যানসারে আক্রান্ত হলে ২৬ ইসিবির জোন কমান্ডারের নির্দেশে তাঁকে দুর্গম পাহাড় থেকে হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে গিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়, যার মাধ্যমে তিনি আজ সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করছেন। এ ছাড়া দুর্গম থুমপাড়ায় নারী ও শিশুদের জন্য নিয়মিত চিকিৎসাসেবা এবং ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী।
উন্নয়ন ও যোগাযোগের এই আধুনিক রূপান্তরের ফলে দীর্ঘদিনের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠী জাতীয় মূলধারার সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি পার্বত্য অঞ্চলটি একটি সমৃদ্ধ ও নিরাপদ জনপদে রূপ নিচ্ছে বলে অভিমত ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।




















