
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ

ঢাকার ধামরাইয়ে বাক্প্রতিবন্ধী সমীরুদ্দীনের বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এতে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (২ নভেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে উপজেলার খাতরা দক্ষিণপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাতে গরম লাগায় ঘুম থেকে উঠে বসতঘরে আগুন দেখতে পান। এ সময় চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরিবারের দাবি, আগুন লাগার সময় বসতঘরের পাশে কয়েকজন লোকের উপস্থিতি দেখতে পান তারা। পরে ওই ব্যক্তিরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। তবে তাদের কাউকে চিনতে পারেননি ভুক্তভোগীরা। কে বা কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




















