শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

reporter

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ


রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

চলতি ২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার দুটি সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে চরম ফল বিপর্যয় ঘটেছে। উপজেলার শীর্ষ এই দুই বিদ্যাপিঠ—রাজস্থলী সরকারি কলেজ ও বাঙ্গালহালিয়া সরকারি কলেজে পাসের হার নেমে এসেছে যথাক্রমে ২৭ দশমিক ১৭ এবং ২৬ দশমিক ৩৪ শতাংশে। হতাশাজনক বিষয় হলো, প্রতিষ্ঠান দুটির কোনোটি থেকেই এবার একজন শিক্ষার্থীও জিপিএ-৫ অর্জন করতে পারেননি।

ফলাফলের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, রাজস্থলী সরকারি কলেজ থেকে এ বছর মোট ৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে মাত্র ২৫ জন কৃতকার্য হয়েছেন এবং বাকি ৬৭ জনই অকৃতকার্য হয়েছেন। অন্যদিকে বাঙ্গালহালিয়া সরকারি কলেজ থেকে ১৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ৪৯ জন; অকৃতকার্য হয়েছেন ১৩৭ জন শিক্ষার্থী। উপজেলার প্রধান দুটি সরকারি কলেজের এমন হতাশাজনক ফলাফল স্থানীয় সামগ্রিক শিক্ষাচিত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে।

ফলাফলের এই বড় বিপর্যয়ের কারণ হিসেবে শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের পারস্পরিক সমন্বয়ের অভাব এবং উদাসীনতাকে দায়ী করছেন সচেতন মহল। স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকার প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদানে নজরদারির ঘাটতি, পরীক্ষার উপযুক্ত প্রস্তুতির অভাব এবং পড়াশোনায় শিক্ষার্থীদের অনাগ্রহের কারণেই এমন করুণ পরিণতির সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও বিশিষ্টজনেরা উদ্বেগ প্রকাশ করে কলেজ দুটির অ্যাকাডেমিক পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষার মানোন্নয়নে অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ফল বিপর্যয়ের বিষয়টি স্বীকার করে রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ জানান, এবারের এইচএসসি ফলাফল কোনোভাবেই সন্তোষজনক নয়। তিনি বলেন, আগামীতে ফলাফল উন্নয়ন ও সংকট উত্তরণে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে দ্রুত একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে। পাঠদানের দুর্বলতাগুলো চিহ্নিত করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।


Link Copied