রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

reporter

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ


গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনের ওপর বর্বর হামলা, অপহরণ, শারীরিক নির্যাতন, চাঁদা দাবি ও ব্ল্যাকমেইলের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে টঙ্গী সরকারি হাসপাতালের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল (খান), সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা বি এম শামীম, গাজীপুর সেন্ট্রাল ক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু, গাজীপুর মিডিয়া ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান জিলানী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল বারী চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন খান। এ ছাড়া আরও বক্তব্য দেন গাজীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল বাশার পলাশ, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ারের কেন্দ্রীয় সভাপতি গাজী মামুন, নিরাপদ সড়ক আন্দোলন টঙ্গী পূর্ব থানার যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন এবং টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান শাহা প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে এ কে এম আজিজুল হক বলেন, সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষিত করা মানেই সত্য প্রকাশের অধিকার এবং জনগণের তথ্য জানার সাংবিধানিক অধিকার রক্ষা করা। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর কুঠারাঘাত। এ ঘটনায় প্রশাসনকে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল বলেন, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা সাংবাদিকদের পেশাগত পবিত্র দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে একজন জেলা প্রতিনিধিকে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের শিকার হতে হওয়া আইনের শাসনের জন্য চরম অবমাননাকর। এটি কোনো সাধারণ ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং মুক্ত সাংবাদিকতার কণ্ঠরোধ করার অপচেষ্টা। তিনি অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে ভুক্তভোগী সাংবাদিক রিপন ও তাঁর পরিবারের জীবনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।

অন্যান্য বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের কলম রুদ্ধ করে কোনো অপকর্ম ঢাকা যাবে না। অপরাধী যতই প্রভাবশালী হোক, তাকে আইনের ঊর্ধ্বে ওঠার সুযোগ দেওয়া চলবে না। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, সহ-সভাপতি এস এম কামাল ও সিকান্দার আনন্দ, সহ-সাধারণ সম্পাদক রুম্মান শেখ ও ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মামুন আহমদ ফিরোজ, যায়যায়দিনের টঙ্গী প্রতিনিধি রেজাউল কবির রাজীব, জ্যেষ্ঠ সাংবাদিক পাপেল মিয়া, মামুন হাসান, সুজন সারওয়ার, পারভীন ইতি, আনু হাসান, মহুয়া, মোহাম্মদ শামীম রেজা, হানিফ মিয়া, খোকন মিয়া ও জসীম উদ্দীন জুয়েলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।


Link Copied