
হাটহাজারীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকালে পুনর্বাসন কেন্দ্রে পৌঁছালে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তারের নেতৃত্বে নিবাসী শিশুরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায়।
পরিদর্শনকালে সমাজকল্যাণমন্ত্রী কেন্দ্র চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং বাগানে একটি পেয়ারার চারা রোপণ করেন। এরপর তিনি কেন্দ্রের শিশুদের স্বহস্তে তৈরি ‘আলোকবর্তিকা’ শীর্ষক দেয়ালিকার দ্বাদশ সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন। পরে মন্ত্রীর আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে পুনর্বাসন কেন্দ্রের সার্বিক কার্যক্রম ও সেবার চিত্র তুলে ধরেন। নিবাসী শিশুদের চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করে ভূয়সী প্রশংসা করেন মন্ত্রীসহ উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষভাগে নিবাসী শিশুরা তাঁদের নিজেদের হাতে পুঁতি দিয়ে তৈরি একটি দৃষ্টিনন্দন ‘তাজমহল’ শোপিস মন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেয়। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া মন্ত্রী কেন্দ্রের সার্বিক পরিবেশ, শিশুদের আবাসন ব্যবস্থা, দপ্তর ব্যবস্থাপনা ও বহুমুখী পুনর্বাসন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং শৃঙ্খলা ও মানসম্মত পরিবেশ বজায় রাখায় কেন্দ্র কর্তৃপক্ষকে ধন্যবাদ ও সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





















