
বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ

রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের টিকিট অনলাইনে কাটতে গিয়ে প্রতারক চক্রের সুকৌশলী ফাঁদে পড়ে ১১ হাজার ৭২০ টাকা হারিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মো. নাইম হাওলাদার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ডুয়েট শিক্ষার্থী নাইম হাওলাদার গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য অনলাইনে একটি টিকিট সংগ্রহ করেন। টিকিট কাটার কিছুক্ষণের মধ্যেই দুপুর ৩টা ২৪ মিনিট থেকে ৩টা ৩২ মিনিটের মধ্যে +8801352-277327 নম্বর থেকে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিক কল আসে।
ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে হাসপাতালের অফিশিয়াল প্রতিনিধি পরিচয় দিয়ে জানান, অনলাইনে কাটা শিশুটির টিকিটটি সার্ভার জটিলতায় বাতিল হয়ে গেছে এবং সেটি অবিলম্বে সচল করতে হবে। পরবর্তীতে প্রতারক চক্রটি নানা বিভ্রান্তিকর তথ্য, কৌশল ও ভয়ভীতি দেখিয়ে শিক্ষার্থীকে তাদের নির্দেশনা মোতাবেক অর্থ পাঠাতে বাধ্য করে।
পরিস্থিতির শিকার হয়ে ওই শিক্ষার্থী বিকেল ৪টা ৯ মিনিটে তাঁর ডাচ-বাংলা ব্যাংকের ‘রকেট’ অ্যাকাউন্ট থেকে এনপিএসবি (NPSB) গেটওয়ের মাধ্যমে প্রতারকদের সরবরাহ করা ০১৬১৮-২৬৬৮৮৯ নগদ নম্বরে ফি-সহ সর্বমোট ১১ হাজার ৭২০ টাকা পাঠিয়ে দেন (ট্রানজেকশন আইডি: 7089954317)।
টাকা পাঠানোর পরপরই প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে ভুক্তভোগী শিক্ষার্থী পুনরায় ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করলে প্রতারক চক্রের সদস্যরা তাঁকে অকথ্য ভাষায় হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে কলটি কেটে দেয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়, যার জিডি নম্বর ৩৪৬৪ এবং ট্র্যাকিং নম্বর 9KSDDQ। থানার ডিউটি অফিসার এএসআই শারমীন নেওয়াজ জিডিটি গ্রহণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। জিডির ভিত্তিতে সাইবার অপরাধ ও ডিজিটাল প্রতারণার বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার এএসআই (নিরস্ত্র) সাদ্দাম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতারক চক্রটিকে শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।






















