শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

চট্টগ্রাম উত্তর বন বিভাগ

বদলির আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল ফরেস্ট গার্ড আমির হোসেন

reporter

বেলাল উদ্দিন, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ


বদলির আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল ফরেস্ট গার্ড আমির হোসেন
চট্টগ্রাম উত্তর বন বিভাগে বদলির আদেশ জারির পরও তা বাস্তবায়ন না হওয়ার ঘটনায় প্রশাসনিক মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো স্বাক্ষরিত অফিস আদেশে ফরেস্ট গার্ড মো. আমির হোসেনকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে বদলি করা হলেও, তিনি নির্ধারিত কর্মস্থলে যোগদান না করে পূর্বের কর্মস্থলেই বহাল রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজনৈতিক পরিচয়ের প্রভাব এবং দাপ্তরিক একটি চক্রের অনৈতিক সুবিধার বিনিময়ে এই বদলি আদেশ দীর্ঘায়িত করা হয়েছে।
 
গত ২৭ আগস্ট চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো স্বাক্ষরিত ওই অফিস আদেশে ফরেস্ট গার্ড মো. আমির হোসেনকে চট্টগ্রাম উত্তর বন বিভাগ থেকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে বদলি করা হয়। আদেশে উল্লেখ করা হয়, গত ৪ মার্চ গঠিত চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও নিয়োগ সুপারিশ সংক্রান্ত কমিটির গত ১৮ আগস্ট অনুষ্ঠিত সভার সুপারিশের ভিত্তিতে এই বদলি কার্যকর করা হয়েছে। নিয়ম অনুযায়ী এই ধরনের আদেশের পর সংশ্লিষ্ট কর্মচারীর তাৎক্ষণিকভাবে নতুন কর্মস্থলে যোগদানের কথা থাকলেও, উক্ত ফরেস্ট গার্ড তা প্রতিপালন করেননি।
 
চট্টগ্রাম উত্তর বন বিভাগ কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ফরেস্ট গার্ড মো. আমির হোসেন নিজেকে শ্রমিক দলনেতা হিসেবে পরিচয় দিয়ে দপ্তরে প্রভাব বিস্তার করে আসছেন। এই রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে তিনি বদলি আদেশকে কার্যকর হতে দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।
 
ওই কর্মকর্তা আরও জানান, এই বদলি আটকে রাখার নেপথ্যে চট্টগ্রাম উত্তর বন বিভাগ কার্যালয়ের প্রশাসনিক স্তরের একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। ডিএফওর প্রধান সহকারী শাহ আলম এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত ফরেস্ট গার্ড ও সংস্থাপন শাখার দায়িত্বে থাকা মিজানুর রহমান আর্থিক লেনদেনের মাধ্যমে এই বদলি আদেশ বাস্তবায়ন আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। সরকারি একটি উচ্চপর্যায়ের দপ্তরে এ ধরনের আর্থিক অনিয়ম ও বদলি বাণিজ্যের অভিযোগ প্রশাসনিক শৃঙ্খলা ও সুশাসনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
 
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা রাজনৈতিক প্রভাব বিস্তার ও বদলি আটকে রাখার অভিযোগ প্রসঙ্গে ফরেস্ট গার্ড মো. আমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় দেওয়ার পর ব্যাস্থতা দেখিয়ে ফোন কেটে দেন।
 
নিয়ম অনুযায়ী বদলির আদেশ জারির পর নির্দিষ্ট সময়ের মধ্যে অবমুক্ত না হওয়া এবং দাপ্তরিক সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসির বিষয়টি দাপ্তরিক শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। এই পরিস্থিতিতে বন বিভাগের সাধারণ কার্যক্রমে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি দাপ্তরিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।
 
এই বিষয়ে বক্তব্য জানার জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের উপ বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম

Link Copied