
ইবিতে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সহস্রাধিক নবীন শিক্ষার্থীকে ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।
ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদ, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, আইআইইআরের (IIER) পরিচালক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মো. মাহমুদুল ইসলাম এবং কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মো. মোজাহেরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্যরা নবীন শিক্ষার্থীদের নৈতিকতাসম্পন্ন, দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মো. মাহমুদুল ইসলাম বলেন, “ছাত্রশিবিরের এই আয়োজনের উদ্দেশ্য সবাইকে সংগঠনে যুক্ত করা নয়; বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা। প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ অবস্থান থেকে সততা ও দেশপ্রেমের চর্চা করতে পারলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শুধু অর্থ উপার্জনই সমৃদ্ধ ক্যারিয়ারের পরিচয় নয়; শিক্ষা, দায়িত্ববোধ, জবাবদিহি, সামাজিক মর্যাদা ও অর্থ উপার্জন—এই পাঁচটি বিষয়ের সমন্বয়েই একটি সুন্দর ক্যারিয়ার গড়ে ওঠে।”
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “ইসলামী ছাত্রশিবির যেকোনো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আমরা চাই, সব ছাত্রসংগঠনের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু নির্বাচন হোক। কোনো সংগঠনকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা কাম্য নয়। ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনকে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা একচেটিয়া জয় চাই না; বরং শিক্ষার্থীদের আস্থা অর্জনের মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ছাত্ররাজনীতি ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে চাই।”



















