
ধামরাইয়ে পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ

ঢাকার ধামরাইয়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাহমিনা আক্তার শিল্পী ওই এলাকার বাসিন্দা আজিজুর রহমানের স্ত্রী। তাঁদের দুই সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঈশাননগর এলাকায় নিজ বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবারের দাবি, ভোররাতে পুকুরে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি।
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও ঘটনার রহস্য উদ্ঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















