
লোহাগড়ায় আবাসিক হোটেল থেকে কিশোর-কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬, ০৮:০৭ অপরাহ্ণ

নড়াইলের লোহাগড়ায় লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকার একটি আবাসিক হোটেল থেকে অপ্রাপ্তবয়স্ক এক কিশোর ও এক কিশোরীকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় তুলে দিয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপাশা চৌরাস্তার একটি আবাসিক হোটেলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ওই কিশোর-কিশোরীকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। পরবর্তীতে তাদের বয়স, সামাজিক নিরাপত্তা ও ভবিষ্যতের দিকটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের খবর দিয়ে তাঁদের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
মেয়েটিকে অক্ষত ও নিরাপদে ফিরে পেয়ে তাঁর দরিদ্র ভ্যানচালক বাবা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা নিশ্চিত করতে এবং কোনো ধরনের সামাজিক অবক্ষয় যাতে না ঘটে, সে লক্ষ্যে নেওয়া এই মানবিক পদক্ষেপে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
প্রশাসনের কর্মকর্তারা জানান, অপ্রাপ্তবয়স্কদের অনৈতিক কর্মকাণ্ড থেকে সুরক্ষা দেওয়া এবং যেকোনো ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে উপজেলার আবাসিক হোটেলগুলোতে নিয়মিত তদারকি ও পুলিশি নজরদারি আরও জোরদার করা হবে।




















