শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

রাজস্থলীতে বন্য শূকরের ঝুম ক্ষেতে আক্রমণে একজনের মৃত্যু

reporter

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ণ


রাজস্থলীতে বন্য শূকরের ঝুম ক্ষেতে আক্রমণে একজনের মৃত্যু

রাঙামাটির রাজস্থলী উপজেলায় জুমখেতে কাজ করার সময় বন্য শূকরের পালের অতর্কিত আক্রমণে হরি মনি ত্রিপুরা (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হরি মনি ত্রিপুরা ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বলিপাড়া এলাকার ওমাইপ্রু ত্রিপুরার ছেলে।

নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সকালে পাহাড়ে জুমখেতের পাকা ধান সংগ্রহ করতে গিয়েছিলেন হরি মনি ত্রিপুরা। এ সময় হঠাৎ পাহাড়ের ওপর দিক থেকে একদল বন্য শূকর এসে তাঁর ওপর চড়াও হয়। নির্জন পাহাড়ে আশপাশে কোনো লোক না থাকায় আত্মরক্ষার্থে তিনি পালানোর চেষ্টা করলে বন্য শূকরের সামনে পড়ে যান। শূকরের দল তাঁকে উপুর্যপুরি আক্রমণ করে ক্ষতবিক্ষত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার পারিবারিকভাবে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে এবং বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা জানান, স্থানীয়রা জুমখেত থেকে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে তাঁকে বিষয়টি অবহিত করেন। এলাকাটি অত্যন্ত দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন হওয়ায় মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হয়নি। তবে সার্বিক বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং রাজস্থলী থানা পুলিশকে জানিয়েছেন।


Link Copied