
বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ

বান্দরবান পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৩৪৫ পিস ইয়াবাসহ নয়ন চৌধুরী (৫০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নয়ন চৌধুরীর বিরুদ্ধে আগেরও ১১টি মাদক মামলা রয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে বান্দরবান সদর থানার একটি বিশেষ দল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানার এসআই (নিরস্ত্র) রহিত কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল মেম্বার পাড়াস্থ রঞ্জিত চৌধুরীর বাড়ির ভাড়া বাসার সামনে অভিযান চালায়। এ সময় নয়ন চৌধুরীকে আটক করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নয়ন চৌধুরী মৃত অরুন চৌধুরী ও বাসনা চৌধুরীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার ভাড়া বাসায় অবস্থান করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।




















