রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

জৈন্তাপুরে বিশেষ অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক করেছে ১৯ বিজিবি

reporter

শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ


জৈন্তাপুরে বিশেষ অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক করেছে ১৯ বিজিবি

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মানব পাচারকারী মোঃ কিবরিয়াকে (২৭) আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে ব্যাটালিয়নের অধীন লালাখাল বিওপির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে কালিঞ্জি নামক স্থান থেকে তাকে আটক করেন।
বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং চিহ্নিত মানব পাচারকারী হিসেবে পরিচিত মোঃ কিবরিয়ার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পায় বিজিবি। ওই তথ্যের ভিত্তিতে তাকে আটক করতে লালাখাল বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। প্রায় চার ঘণ্টা ধরে সতর্ক নজরদারি ও কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
আটকের পর তার দেহ তল্লাশি করে একটি স্মার্টফোন, একটি বাংলাদেশি মোবাইল সিম, একটি ভারতীয় মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র ও নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়।
আটক মোঃ কিবরিয়া সিলেটের জৈন্তাপুর উপজেলার নয়াখেল উত্তর গ্রামের জমির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সোহেল আলম, পিবিজিএম জানান, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটকে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, মানব পাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো / এমএসএম

Link Copied