
গোয়াইনঘাটে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৪তম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুপারবাজার উচ্চবিদ্যালয় কেন্দ্রে দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বাংলা ও ইংরেজি এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, কুপারবাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাহী বক্স, ইউপি সদস্য উসমান গনী ও আব্দুল্লাহসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। এ সময় তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব বলেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ এবং ছোটবেলা থেকেই প্রতিযোগিতার মনোভাব ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই ও পড়াশোনায় উৎসাহিত করতে প্রতিবছরের ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়েছে।



















