শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

স্পেনের উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার

reporter

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ


স্পেনের উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১০০ জন আরোহী বহনকারী একটি নৌকা উদ্ধারের পর সেখান থেকে ১৪ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই  এ তথ্য জানিয়েছে।

বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সেখানকার স্থানীয় প্রশাসন রীতিমতো হিমশিম খাচ্ছে। স্পেনের কেন্দ্রীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অভিবাসী ইস্যু।

স্পেনে আগামী রোববার স্পেনে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অভিবাসন ইস্যুটি নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এই মৃত্যুর ঘটনাটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুটের ভয়াবহতাকে আবারও সামনে নিয়ে এল।

ইএফই জানিয়েছে, ১৪টি মৃতদেহ তীরে আনা হয়েছে। এর আগে সমুদ্র উদ্ধারকারী বাহিনী জানিয়েছিল যে, নৌকায় ৮ থেকে ১০টি মৃতদেহ পাওয়া গেছে এবং গুরুতর অবস্থায় ছয়জনকে আকাশপথে হাসপাতালে নেওয়া হয়েছে। ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপের ৩৯ নটিক্যাল মাইল (৭২ কিলোমিটার) দক্ষিণে নৌকাটিকে খুঁজে পাওয়া যায় এবং সেটিকে লা এস্তাকা বন্দরে নিয়ে আসা হচ্ছিল।

নৌকাটি থেকে জীবিত অবস্থায় উদ্ধার ৮৪ জন এল হিয়েরো’র লা রেস্তিঙ্গা বন্দরে আনা হয়েছে। সেখানে অভিবাসীদের জন্য একটি আশ্রয়কেন্দ্র ও ফিল্ড হাসপাতাল রয়েছে। দ্বীপে পৌঁছানো অধিকাংশ অভিবাসীদের প্রয়োজনীয় প্রক্রিয়া এই আশ্রয়কেন্দ্র ও হাসপাতালে সম্পন্ন করা হয়।

অভিবাসীদের দৈনিক আগমন সর্বোচ্চ পর্যায়ে

অক্টোবর মাস থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন দ্রুত বেড়েছে। ২৫ নভেম্বর একদিনেই রেকর্ড ২ হাজার ১০০ জন অভিবাসী সেখানে পৌঁছান, যাদের অধিকাংশই এসেছেন এল হিয়েরো দ্বীপে। এই দ্বীপের স্থানীয় জনসংখ্যা মাত্র ১১ হাজার ৪০০ জন।

আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিহো সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (X) দেওয়া এক পোস্টে এই নতুন ট্র্যাজেডির ঘটনায় গভীর বেদনা ও অসহায়ত্ব প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে স্পেন সরকার ও ইউরোপীয় কমিশনের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন।

তিনি লিখেছেন, “এই মানবিক সংকট কেবল এল হিয়েরো দ্বীপে শুরু হয়নি, বরং এর সূত্রপাত সেনেগাল ও গাম্বিয়ার উপকূলে—যেখানে আমাদের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপে অর্থনীতির জন্য অভিবাসনের সুফলগুলোর অন্যতম জোরালো সমর্থক। অন্যদিকে, জনমত জরিপে এগিয়ে থাকা ডানপন্থী দলগুলো অভিবাসনের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের পক্ষে অবস্থান নিয়েছে।

প্রতি বছর হাজার হাজার অভিবাসী আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তারা অত্যন্ত গাদাগাদি করে নৌকায় ওঠেন এবং স্পেনের ভূখণ্ডে পৌঁছাতে উত্তাল সমুদ্র ও প্রবল স্রোত উপেক্ষা করেন সাধারণত শরৎকালে—যখন সমুদ্রের পরিস্থিতি তুলনামূলকভাবে অনুকূল থাকে—তখন অভিবাসীদের আগমনের হার বেড়ে যায়।

সূত্র: রয়টার্স

aliul / aliul

Link Copied